ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪, ০২:১৪ এ এম

অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, ডাকাত গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনার মামলায় প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল (৪০) কে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব ৮।

সোমবার (২২ এপ্রিল) ভোরে কাঁঠালিয়া থানা পুলিশের এসআই রিয়াজের সহায়তায় ঝালকাঠির বানাই এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে কাঁঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সরদার দিপক বড়াল কাঁঠালিয়া উপজেলার বিলছোনাউটা এলাকার শ্রী ধীরেন চন্দ্র বড়ালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার। 

উল্লেখ্য, চলতি বছরের গত ২০ মার্চ রাতে ঝালকাঠির কাঁঠালিয়া বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী (৭০) এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে থাকা মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০ (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। এঘটনায় বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী বাদী হয়ে বরিশালের বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

বরিশাল র‌্যাব ৮ এর অধিনায়ক জি+আর্টিলারি, পি এস সি, লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন বলেন, গ্রেফতারের পর আসামী ডাকাত সরদার দিপক বড়াল উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে। এবং জানায় তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তার নামে কাঁঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার বলেন, আসামী ডাকাত সরদার দিপক বড়ালকে বিকেলে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন