প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ায় ব্যালটে প্রতীকের অমিল থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোটগ্রহণ স্থগিতের পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিম আর ভোটের দিন ব্যালটে ছিল কুলফি আইসক্রিম। এতে ভোটাররা প্রতীক চিনতে না পেরে বিভ্রান্তিতে ছিল। প্রার্থী বিষয়টি জানাতে নির্বাচন অফিসে গিয়ে কাউকে পাননি বলে অভিযোগ তোলেন।
বুধবার (২৯ মে) বেলা ১১টার পর নির্বাচন কমিশন থেকে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করে। দুপুরের দিকে নির্বাচনের দায়িত্বে থাকা সদরের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদকে বরখাস্ত করার খবর পাওয়া যায়।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন বিষয়টি নিশ্চিত করে রূপালী বাংলাদেশ-কে জানান, নির্বাচন কমিশন থেকে সদরের রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও কোনো লিখিত নির্দেশনা আসেনি। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদকে একাধিকবার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, আপনারা যতটুকু জেনেছেন আমিও ততটুকু জানি। এখনও অফিসিয়াল চিঠি পাইনি। বরাদ্দ প্রতীকের সাথে ব্যালট পেপারে মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিতের ঘটনায় এই বরখাস্ত।
বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়৷ সেই প্রতীক নিয়েই প্রচারণা চালাই। বুধবার ভোট শুরু হওয়ার পর দেখি ব্যালটে বরাদ্দকৃত প্রতীকের সাথে মিল নেই। ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম প্রতীক দেয়া হয়েছে। ভোটাররা প্রতীক চিনতে পারেনি। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাইনি।
মন্তব্য করুন