প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০২:২৮ এ এম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে গৃহবধূ শাহানাজ আক্তার (১৯) নামে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতা শাহানাজ আক্তার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের শাহাজাহান আলীর মেয়ে। পরিবারের লোকজন জানায়, প্রায় দেড় বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে বিশাল রহমান প্রেমের ফাদে ফেলে শাহানাজ আক্তারকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। পরবর্তীতে উভয পরিবারের মাঝে বিষয়টি রফাদফা হয়।
এদিকে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মাঝে ঝগড়া বিবাদ হয়। সকালে শাহানাজের শ্বশুর ওমর ফারুক মোবাইল ফোনে শাহানাজের বাবার বাড়ির লোকজনকে জানান যে তাদের মেয়ে মারা গেছেন।
খবর পেয়ে শাহনাজের বাবার বাড়ির লোকজন শাহানাজের নিথর দেহ বিছানার উপর পড়ে থাকতে দেখে। এ সময় তারা তার গলায় শ্বাসরুদ্ধ করার চিহ্ন দেখতে পায়। এ সময় মৃতার স্বামী তথা জামাইসহ পরিবারের কাউকেই খুঁজে পায়নি ।
মেয়ের পরিবারের লোকজনের অভিযোগ, যৌতুকের টাকার জন্য শাহানাজকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
৮নং রহিমানপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নান হান্নু বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।পরিবারের লোকজন সরে পড়ার ঘটনা রহস্যজনক। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত রহস্য বের করবেন এই প্রত্যাশা জানাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে এসে আমরা বাড়ির মালিককে খুঁজে পাইনি। পুলিশের পক্ষ থেকে এ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা হবে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন