প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৫, ০৭:১৪ এ এম
অনলাইন সংস্করণ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে ছিল ৮৬ শতাংশ আর্দ্রতা।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। অর্থাৎ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি।
এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত দেশের উপকূলে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেয়া ওই পোস্টে ২৫ নভেম্বর পর্যন্ত সমুদ্রগামী জেলে ও উপকূলীয় শুটকিপল্লীর মানুষদের জন্য আবহাওয়া কেমন থাকবে, সেটিও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের উপকূলে বা উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় আঘাত করার আশঙ্কা নেই। এছাড়া অন্তত ২৫ নভেম্বর পর্যন্ত সমুদ্রগামী জেলে ও উপকূলীয় শুটকিপল্লীর মানুষদের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করবে।
এদিকে ফেসবুকে দেয়া অপর এক পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক জানিয়েছেন, নভেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই সময়ে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে পুরো দেশে। ফলে এই সময়ে সারাদেশে আমন ধান কাটা ও মাড়াই করার অনুকূল আবহাওয়া বিরাজ করবে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন