প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজে অনিয়ম ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ জজ আদালতে মামলা দায়ের করেন জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাউদেরশ্রী গ্রামের রনজিৎ কুমার দাস। মামলায় ৩৪ টি প্রকল্প সভাপতি সদস্য সচিবসহ শাল্লা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও পানি উন্নয়ন বোর্ড শাখা কর্মকর্তা রিপন আলী সহ ৭১ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল হক। মামলার এজহারে বলা হয়েছে কাবিটা নীতিমালানুযায়ী ফসলরক্ষা বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা সবাই হতে হবে এলাকার বাসিন্দা ও জমির মালিক। কিন্তু ৩৪ টি প্রকল্পের সভাপতি ও সদস্য সচিব ৬৮ জনের কেউই ফসলরক্ষা বাঁধের আশপাশের জমির মালিক না।
এমনকি বাঁধ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাও না তারা। নীতিমালানুযায়ী বাঁধের কাছাকাছি জমির মালিকরাই প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য হবেন। কিন্তু তা না করে পানি উন্নয়ন বোর্ড এর শাখা কর্মকর্তা ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ইচ্ছেমত প্রকল্প তৈরি করেছেন বলে মামলার এজহারে উল্ল্যেখ আছে।
এছাড়াও বর্তমানে ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগ করেছেন মামলায়। এদিকে সুনামগঞ্জের ৪২ টি ছোট বড় হাওরো বোরো ফসলরক্ষায় ৭৩৪ টি প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজ বাস্তবায়ন হচ্ছে। গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শুরু করে চলতি মাসের ২৮ ফেব্রæয়ারীর মধ্যে বাঁধের কাজ শেষ করা কথা রয়েছে। কিন্তু আর মাত্র ৮ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ড।
বাঁধের কাজে অনিয়মে মামলার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সিলেট এর প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার বলেন, মামলা হয়েছে আমরাও বিষয়টি তদন্ত করে দেখবো।
মন্তব্য করুন