সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫২ এ এম

অনলাইন সংস্করণ

বাঁধের কাজে অনিয়ম: বৃষ্টিতে বিভিন্ন স্থানে ফাটল

গত মঙ্গলবার থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। অতি বৃষ্টির ফলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের ফাটল দেখা দিয়েছে।

জেলার জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় অন্তত ১০ টি বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে করে ফসলরক্ষা নিয়ে শঙ্কিত কৃষকরা।


জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর, শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধস নেমেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাওরপাড়ের কৃষকেরা।

নীতিমালানুযায়ী বাঁধের কাজ না হওয়ার কারনেই সামান্য বৃষ্টিতে বাঁধে ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।


চলতি বছর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর তত্বাবধানে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় ৭৩৪ টি প্রকল্পের মাধ্যমে কাজ চলমান আছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত অধিকাংশ বাঁধের কাজ বাকি আছে।


ফসলরক্ষা বাঁধের কাজ সময়ম শেষ না হওয়া ও কাজের মান ভালো না হওয়ার এবার বেশি দুশ্চিন্তায় কৃষকরা।

জেলার বিশ্বম্ভরপুর উপজেলা খরচার হাওর পাড়ের কৃষক মোঃ ছবিনুর আলী বলেন, এবার বান্দের যে অবস্থা এমন অবস্থা হইলে আমরা ফসল মনে হয় ঘরো তুলতাম পারতাম না। বাঁধের কাজ নিন্মমানের হওয়ায় অল্প বৃষ্টিতে বাঁধ ভেঙ্গে যাবে বলে জানান তিনি।


সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, এখন আল্লাহর উপর ভরষা ছাড়া আর কোন উপায় নাই। এই বাঁধ দিয়া ফসল টিকানো সম্ভব হবে না বলে জানান তিনি।


হাওর বাঁচাও আন্দোলন এর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু সেন বলেন, এবার বাঁধের কাজের শুরু থেকেই অনিয়ম দেখতে পাচ্ছি। আমরা বারবার প্রশাসনকে জানিয়ে আসছি। তাতেও কোন কাজে আসছে। তিনি বলেন, এবার বাঁধের কারনে ফসলের ক্ষতি হলে ব্যাপক আন্দোলন হবে কৃষকদের সাথে নিয়ে।


পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী-২ মোঃ এমদাদুল হক নিজেই স্বিকার করলেন বাঁধের কাজের অগ্রগতি ভালো হলেও কাজের মান ঠিক নেই। তিনি বলেন, বাঁধের কাজ যেভাবে হওয়ার কথা অনেক জায়গায় সেভাবে হয়নি।

বাঁধ টেকশই করার জন্য যেভাবে কম্পেকশন দেয়ার কথা সেভাবে কম্পেকশন করা হয়নি বলে জানান তিনি। তবে বাঁধ টেকশই করার জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড শাখা কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন